সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধে ধস দেখা দিয়েছে। টানা বর্ষণ ও যমুনা নদীতে পানি বাড়ার ফলে হঠাৎ করেই এ ধস দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে ধসের কারণে আতঙ্কিত হয়ে পড়েছে শহরবাসী।
গতকাল দুপুর থেকে শহর রক্ষাবাঁধের পুরনো জেলখানা ঘাট এলাকায় ধস শুরু হয়। মুহূর্তের মধ্যেই বাঁধের ১১০ মিটার অংশ নদীতে বিলীন হয়ে যায়। এদিকে পানি উন্নয়ন বোর্ড ধস ঠেকানোর জন্য বালিভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু করেছে।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. নাসির উদ্দিন জানান, গতকাল দুপুর থেকে হঠাৎ করেই শহর রক্ষাবাঁধের পুরনো জেলখানা ঘাট অংশে ধস দেখা দেয়। মুহূর্তের মধ্যে বাঁধের প্রায় ১১০ মিটার অংশ নদীতে বিলীন হয়ে গেছে। এদিকে খবর পেয়ে জেলা প্রশাসক (ডিসি) ড. ফারুক আহাম্মদ, পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএমসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ভাঙনস্থল পরিদর্শন করেছেন।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম জানান, প্রতিদিনই বাঁধের অবস্থা তদারকি করা হয়। দুদিন আগেও আমরা এ অংশে ভালো অবস্থা দেখেছি। টানা বর্ষণ ও নদীর পানির তীব্র স্রোতে ঘূর্ণাবতের সৃষ্টি হয়ে বাঁধের নিচ থেকে মাটি সরে গিয়ে গতকাল হঠাৎ ধস দেখা দিয়েছে। তবে ধস ঠেকাতে বালিভর্তি জিওব্যাগ ডাম্পিং শুরু করা হচ্ছে বলেও জানান তিনি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সিরাজগঞ্জ শহরকে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষায় নদীর পশ্চিম তীরে ১৯৯৮ সালে ৪৬০ কোটি ব্যয়ে ২ দশমিক ৫ কিলোমিটার দীর্ঘ বাঁধটি নির্মাণ করা হয়।










