মাদারীপুর শহরের বাগেরপাড় এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন—জুয়েল হাওলাদার (৩৫), তার স্ত্রী তানিয়া বেগম (৩০) ও মেয়ে সোহাগী আক্তার (৮)। তারা সাইফুর রহমান চুন্নু ফকিরের বাড়িতে ভাড়া থাকতেন।

মাদারীপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক শেখ আহাদুজ্জামান জানান, রাতে তানিয়া বেগম মশার কয়েল ধরানোর জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে তিনজনই গুরুতর দগ্ধ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

আশঙ্কাজনক অবস্থায় তানিয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাসের পাইপ লিকেজ হয়ে ঘরের ভেতর গ্যাস জমে থাকায় বিস্ফোরণ ঘটেছে। দরজা-জানালা বন্ধ থাকায় বিস্ফোরণের তীব্রতা বেশি ছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।