নাটোরের সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজে ছাত্রছাত্রী ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি নীতিমালার তোয়াক্কা না করে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির ক্ষেত্রে সেশন ফির নামে নেয়া হচ্ছে বাড়তি টাকা।
খোঁজ নিয়ে জানা যায়, সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত একজন শিক্ষার্থীকে ভর্তি হতে হলে গুনতে হচ্ছে ২০০০ থেকে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত। অথচ অন্য স্কুলে নেয়া হচ্ছে মাত্র ৫০০ থেকে ৭০০ টাকা।
অতিরিক্ত ভর্তি ফি আদায়ে ক্ষোভ প্রকাশ করে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন অভিভাবক বলেন, এভাবে অতিরিক্ত ফি আদায়ের ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের অভিভাবক সন্তানকে লেখাপড়া করানোর আগ্রহ হারিয়ে ফেলবেন। নিয়মনীতি মেনে ভর্তি ফি আদায়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
সিংড়া দমদমা পাইলট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, পৌরকর, কম্পিউটারের বিদ্যুৎ বিল, অবকাঠামোগত উন্নয়ন এ খাত থেকে করা হয়। এছাড়া কোনো অভিভাবক অপারগতা প্রকাশ করলে ফি কমিয়ে নেয়া হয়।
এ ব্যাপারে
জেলা শিক্ষা কর্মকর্তা মো. আখতার হোসেন বণিক বার্তাকে বলেন, বিধিমোতাবেক ব্যবস্থা নেয়া হবে।










