দেশের উন্নয়ন প্রকল্পগুলো যাচাই-বাছাইয়ে ব্যয় অনেক কমে গেছে বলে দাবি করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি জানান, অর্ধসমাপ্ত প্রকল্পের কাজ দ্রুত শেষ করার জন্য নতুন ঠিকাদার নিয়োগ দিতে ডিসিদের নির্দেশ দেয়া হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রথম অধিবেশনে পরিকল্পনা মন্ত্রণালয়বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, এই সেশনে আমরা পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের বিষয়াদি নিয়ে ডিসি মহোদয়দের সঙ্গে আলোচনা করেছি। তাদের কাছ থেকে সমস্যা শুনেছি, আমরাও কিছু দিকনির্দেশনা দিয়েছি। স্থানীয় পর্যায়ে চলমান প্রকল্পগুলোর মধ্যে অনেকগুলোর কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। এর অন্যতম কারণ হলো—অনেক প্রকল্পের ঠিকাদার টাকা নিয়ে কাজ বন্ধ করে দিয়েছেন বা পাওয়া যাচ্ছে না।

তিনি বলেন, আগে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে অনেক প্রকল্পের চাহিদা আসত। আমরা ডিসিদের বলেছি, স্থানীয়ভাবে যেগুলো প্রয়োজন, যেমন—রাস্তাঘাট নির্মাণ, যেখানে রাস্তা আছে কিন্তু সেতু নষ্ট হয়ে গেছে, স্কুলঘর আছে কিন্তু তা জরাজীর্ণ—এসব বিষয়ে তারা যেন নিজেরা উদ্যোগ নিয়ে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠান।

যেসব প্রকল্পের ঠিকাদাররা অর্ধসমাপ্ত কাজ ফেলে চলে গেছেন, সেখানে নতুন ঠিকাদার নিয়োগ দিয়ে কাজ শেষ করার ব্যবস্থা নিতে বলা হয়েছে, যাতে স্থানীয় পর্যায়ের জনহিতকর প্রকল্পগুলো ব্যাহত না হয়।

উন্নয়ন ব্যয় অনেক কমেছে জানিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, উন্নয়ন প্রকল্প যাচাই-বাছাই ও ছাঁটাই করার ফলে ব্যয় অনেক কমে গেছে। এখন ভালো প্রকল্প হাতে নেওয়া হয়েছে, জানুয়ারি মাস থেকে স্থানীয় পর্যায়ে অনেক কাজ শুরু হয়েছে, এগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয়, সে বিষয়টি ডিসিদের দেখভাল করতে বলা হয়েছে।