লক্ষ্মীপুরে জলাশয়ে মাছ ধরতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে দুই জেলের মৃত্যু হয়েছে। গতকাল ভোরে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউপির মিয়ার বেড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভবানীগঞ্জ গ্রামের সাফু মাঝি বাড়ির হোসেন আহম্মদের ছেলে মো. রুবেল (২৩) ও মৃত ইদ্রিস মিয়ার ছেলে মো. শাকিল (১৮)। তারা দুজনই পেশায় জেলে।

স্থানীয়রা জানায়, ভবানীগঞ্জ এলাকার জেলে সফি সরদারের নেতৃত্বে গতকাল ভোরে মিয়ার বেড়িতে স্বপন ডাক্তারের জলাশয়ে জাল দিয়ে মাছ ধরতে নামেন ৮-১০ জন জেলে। এ সময় জলাশয়ের উপরে থাকা একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে জালে জড়িয়ে যায়। এতে রুবেল এবং শাকিল বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মারা যান। অন্য জেলেরা তাদের মৃতদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন।

জেলেদের অভিযোগ, বৈদ্যুতিক তারে বিদ্যুৎ সংযোগ বন্ধ না করে তাদের মাছ ধরার জন্য জলাশয়ে নামিয়ে দেয়া হয়েছে। এতে জালে তার জড়িয়ে দুই জেলের মৃত্যু হয়। এ ঘটনাকে জলাশয়ের মালিকের গাফিলতি ও দায়িত্বহীনতাকেই দায়ী করছেন তারা।

স্থানীয় ইউপি সদস্য মো. মানিক মিয়া বিদ্যুত্স্পৃষ্টে দুই জেলে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।