নির্বাচন-সংক্রান্ত বেশ কয়েকটি দাবি ও শর্ত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেগুলো মেনে না নিলে এবারো সুষ্ঠু নির্বাচন হবে না বলে মন্তব্য করেছে দলটি। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সংসদীয় আসনগুলোর সীমানা নির্ধারণ নিয়ে সিইসির সঙ্গে বৈঠকটি করে জামায়াত। হামিদুর রহমান আযাদের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকার, ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মুসা, ঢাকা মহানগরীর সেক্রেটারি ইয়াসিন আরাফাত, ইঞ্জিনিয়ার বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আবিদ হাসান।
বৈঠক শেষে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হামিদুর রহমান আযাদসহ জামায়াতের নেতারা। ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে জামায়াতে ইসলামী কী চ্যালেঞ্জ দেখছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হামিদুর রহমান আযাদ বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার বিষয়ে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের পক্ষ থেকে দাবি করা হয়েছিল ফেব্রুয়ারি অথবা এপ্রিলে আপনারা নির্বাচনের টাইমলাইন দিতে পারেন। তো আমরা এখানে সরকারকে বাধ্য করিনি। চলতি বছরের ডিসেম্বরেও যদি নির্বাচন হয়, তাতেও জামায়াতে ইসলামীর কোনো আপত্তি নেই।’
তবে দেশে নির্বাচনের জন্য এখনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ আসেনি বলে মনে করছেন জামায়াতে হামিদুর রহমান আযাদ। ইসলামীর এ সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা অন্যান্য দাবির সঙ্গে তাই জোরালোভাবে বলছি যে, সবার জন্য সমান সুযোগ তৈরি করতে হবে, যেটা এখনো অনুপস্থিত।’ তাদের এ উদ্বেগ নিরসনে কাজ করা হচ্ছে বলে নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে বলেও জানিয়েছেন এ জামায়াত নেতা।
নিজের আসন ছাড়া আর কোনো আসনে পর্যবেক্ষণ দিয়েছেন কিনা, এমন প্রশ্নে হামিদুর রহমান আযাদ বলেন, ‘সামগ্রিকভাবে আমরা কথা বলেছি। সংসদীয় আসনের সীমানাসহ কিছু বিষয় আছে। আমাদেরও কিছু বক্তব্য আছে। সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতেই আসলে আমরা সাক্ষাৎ করেছি। আমাদের বক্তব্য আমরা তুলে ধরেছি। উনারা যেটা বলেছেন, এখানে আমাদের যে বক্তব্যগুলো ভ্যালিড পয়েন্ট, লিগ্যল পয়েন্ট বা যেখানে যেখানে যৌক্তিক মনে করবেন সেগুলো বিবেচনায় আনা যায় কিনা খতিয়ে দেখবেন।’
এর আগে গত রোববার নির্বাচনী প্রস্তুতির সার্বিক অগ্রগতি জানতে ইসির সঙ্গে বৈঠক হয়েছিল বিএনপি প্রতিনিধি দলের।










