খুলনার ফুলতলা উপজেলার শিকিরহাট এলাকায় ভৈরব নদে ১০ হাজার বস্তা (৫০০ টন) সিমেন্টসহ একটি কার্গো ডুবে গেছে। গতকাল মঙ্গলবার এমভি একেএম শাহনেওয়াজ নামে কার্গোটি ডুবে যায়।

কার্গোটির মাস্টার মো. কামাল উদ্দিন জানান, মুন্সিগঞ্জ থেকে তারা সিমেন্ট বোঝাই করে নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়ে আসে। গত ৯ মে ফুলতলার শিকিরহাট ঘাটে এসে অবস্থান নেয়। কিন্তু করোনার কারণে শ্রমিক সংকট থাকায় কার্গোর সিমেন্ট আনলোডের কাজ শুরু করা সম্ভব হয়নি। মঙ্গলবার সকালের দিকে ১৬ হাজার বস্তা সিমেন্ট নিয়ে আসা এমভি কচুর উল্লাহ নামে অপর একটি কার্গো ভৈরব নদে ঘোরাচ্ছিল। এ সময় কার্গোটি এমভি একেএম শাহনেওয়াজ কার্গোকে সাজোরে আঘাত করে। এতে শাহনেওয়াজ কার্গোটি ক্ষতিগ্রস্থ হয়। এর ফলে কার্গোটিতে পানি প্রবেশ করে এবং তলিয়ে যায়। 

কার্গোর মাস্টার মো. কামাল উদ্দিন আরও জানান, এমভি কচুর উল্লাহ কার্গোটির মাস্টার মো. হাসান ঘটনার সময় কার্গোটি পরিচালনা করছিলেন না। ওই কার্গোর সুকানি মো. ফারুক তখন চালাচ্ছিলেন। এ সময় ওই কার্গোর মাস্টার ইঞ্জিন রুমে ছিলেন।

এ ব্যাপারে এমভি কচুর উল্লাহ কার্গোর মাস্টার মো. হাসান জানান, হাতে ব্যথা থাকার কারণে তিনি ঘটনার সময় ইঞ্জিন রুমে ছিলেন। তখন কার্গোর সুকানি মো. ফারুক কার্গোটি ঘুরাচ্ছিলেন।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, এমভি একেএম শাহনেওয়াজ কার্গোর মাস্টার মো. কামাল উদ্দিন বাদি হয়ে মঙ্গলবার ফুলতলা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্তনাধীন রয়েছে। তদন্ত শেষ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।