ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে দুই ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ওই সময় মাঝ নদীতে আটকে ছিল পাঁচটি ফেরি। চারঘাটে পারের অপেক্ষায় থাকতে হয় তিন শতাধিক যানবাহনকে।
বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ডিজিএম ) নাসির চৌধুরী জানান, আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর ছয়টায় ঘন কুয়াশার প্রকোপ বেড়ে পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে গৌরি নামে একটি ফেরি। অন্য ১২টি ফেরি উভয়ঘাটে আটকে রাখা হয়।
এদিকে, একই কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ভোর সাড়ে ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এসময় কাজিরহাট থেকে আরিচা আসার পথে মাঝ নদীতে আটকে পড়ে হামিদুর রহমান, শাহ আলী ও চিত্রা নামের তিনটি ফেরি। এছাড়া আরিচা থেকে কাজিরহাট যাওয়ার পথে ধানসিঁড়ি নামে অপর ফেরিটিও মাঝ নদীতে আটকে পড়ে।
ফেরি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় চারটি ঘাটে তিন শতাধিক যানবাহন পারের অপেক্ষায় থাকতে হয়। ঘন কুয়াশার প্রকোপ কমে গেলে সকাল ৮টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ও সাড়ে ৮টায় আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ঘাটে আটকে থাকা যানবাহনগুলো পারাপার শুরু করে।










