দেশে গুমের ঘটনা নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, সরকার দেশে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটায় না। সরকার চায় না দেশে কেউ গুম হোক, কেউ বিচার বহির্ভূত হত্যার শিকার হোক।
আজ শনিবার দুপুরে সিলেট সদর উপজেলার সাহেব বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, সব দেশেই খুন-গুমের ঘটনা ঘটে। বাংলাদেশে যেগুলো ঘটে সেগুলোর জন্য সরকার দায়ী নয়। বরং যারা খুন-গুমের ঘটনা ঘটায় তাদের শাস্তি দিতে সরকার সর্বদা সচেষ্ট থাকে। এ ধরনের কোনো ঘটনা ঘটলে শেখ হাসিনা সরকার দায়ীদের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নেবে।
দেশে হঠাৎ কোনো একটি ঘটনা ঘটলে গণমাধ্যম সেটা নিয়ে হইচই শুরু করে উল্লেখ করে মন্ত্রী বলেন, বিদেশে বিচারবহির্ভূত হত্যার অসংখ্য ঘটনা ঘটে। আমাদের মিডিয়া সেটা নিয়ে সরব হয় না। উল্টো বিদেশিদের কাছে যায় আমাদের নিজেদের সমস্যা বলতে। এটা ঠিক নয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহেববাজার হাই স্কুল অ্যান্ড কলেজের গভার্নিং বডির সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খাঁন, সিলেট সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ এবং সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাহেবের বাজার হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মো. ইকলাল আহমদ।










