লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়া খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে রাজধানীতে দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ খাদ্যপণ্য ধ্বংসের পাশাপাশি মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ শনিবার রাজধানীর রামপুরা, খিলগাঁও ও হাতিঝিল এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে এ অভিযান পরিচালিত হয়।
বিএসটিআই জানায়, ‘লা-অর্গানিক’ নামের একটি প্রতিষ্ঠান বিএসটিআইয়ের লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন ছাড়াই লাচ্ছা সেমাই, বাটার, মধু, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া ও ঘি উৎপাদন ও বিপণন করছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে প্রায় ৬০০ কেজি লাচ্ছা সেমাই ও ২০ কেজি বাটার জব্দ করা হয়।
অন্যদিকে রামপুরা বাজার এলাকার ‘প্রকৃতি ফুড’ নামের আরেক প্রতিষ্ঠান বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া ‘সেরেলাক্স’ পণ্য বাজারজাত করছিল বলে জানায় সংস্থাটি। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ করে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিএসটিআইয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১১ (এপিবিএন) সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।










