নারায়ণগঞ্জে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইকের নিবন্ধন, রুট পারমিট, রেজিস্ট্রেশন প্রদান এবং চলাচলসংক্রান্ত নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গতকাল দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইকচালক সংগ্রাম পরিষদ।

ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব মিজানুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সহসাধারণ সম্পাদক রুহুল আমিন সোহাগ, সংগ্রাম পরিষদের তাগাড়পাড় শাখার যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, সদস্য সচিব ফজলুল হক, আবু সাঈদ সাইদুর, তল্লা শাখার আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব ইস্রাফিল হোসেন রাজ, স্বপন মিয়া, আকাশ, আক্তার হোসেন, সুমন, ফতুল্লা রেলস্টেশন শাখার যুগ্ম আহ্বায়ক আলামিন, আলেয়া বেগম প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, ব্যাটারিচালিত রিকশা-ভ্যান ও ইজিবাইক একদিকে লাখ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে, অন্যদিকে সহজ ও সাশ্রয়ী হওয়ায় তিন চাকার এসব বাহন অত্যন্ত কার্যকর হিসেবে দ্রুত সারাস দেশে ছড়িয়ে পড়েছে। এসব যানবাহন বায়ু ও শব্দদূষণ করে না। এরই মধ্যে মহামান্য সুপ্রিম কোর্ট মহাসড়ক ব্যতীত ব্যাটারিচালিত যান চলাচলে বাধা নেই বলে মতামত দিয়েছেন।

সংগঠনের নেতারা আরো বলেন, সংগ্রাম পরিষদের পক্ষ থেকে ১০ বছর ধরে একটি নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত যানবাহনের আধুনিকায়ন, লাইসেন্স প্রদানসহ ছয় দফা দাবিতে ধারাবাহিক ও সুশৃঙ্খল আন্দোলন পরিচালিত হচ্ছে। ব্যাটারিচালিত যানবাহনের আধুনিকায়নের ক্ষেত্রে সহায়তা করতে এবং চালকদের প্রশিক্ষণ দেয়াসহ সড়কে শৃঙ্খলা রক্ষায় যেকোনো উদ্যোগে অংশ নিতে সংগ্রাম পরিষদ প্রস্তুত। রেজিস্ট্রেশন ও নীতিমালা প্রণয়ন সেক্টরের লাখ লাখ চালকের জীবনমান উন্নত করতে সহায়তা করবে। সরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নিবন্ধন, রুট পারমিট ও লাইসেন্স দেয়ার ব্যবস্থা চালু হলে সড়কে শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব হবে। ফলে সরকার পাবে রাজস্ব, সড়কে আসবে শৃঙ্খলা আর চালক-মালিকরা পাবেন স্বস্তি।