কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নতুন চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবু সালেহ মো. মাহফুজ আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়।

মোহাম্মদ সালাউদ্দিন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের তৃতীয় চেয়ারম্যান। এর আগে ২০১৬ সালে কউক গঠিত হওয়ার পরপর ৩ বার দুই বছর করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত কর্নেল লেফটেন্যান্ট ফোরকান আহমদ। ২০২২ সালের আগস্ট থেকে দায়িত্ব পান বাংলাদেশ নৌ-বাহিনীর অবসরপ্রাপ্ত কমোডর মোহাম্মদ নুরুল আবছার।

মোহাম্মদ সালাউদ্দিন কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ টেকপাড়ার কচ্ছপিয়া পুকুরপাড় এলাকার বাসিন্দা মরহুম শামসুল হুদা প্রকাশ শামসু দারোগা ও মরহুমা জয়নাব বেগমের কনিষ্ঠ ছেলে। মোহাম্মদ সালাউদ্দীন ১৯৮২ সালে এসএসসি এবং ১৯৮৪ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে অনার্স-মাস্টার্স সম্পন্ন করেছেন কৃতিত্বের সঙ্গে।

বিসিএস (প্রশাসন) ক্যাডার ১১ তম ব্যাচের সদস্য মোহাম্মদ সালাউদ্দিন পাবনা জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার, পাবনার ভাঙ্গুরা উপজেলার এসি (ল্যান্ড), ময়মনসিংহের ফুলপুর ও চাঁদপুরের শাহারাস্তি উপজেলার ইউএনও, খাগড়াছড়ির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক, পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে দায়িত্ব পালন শেষে তিনি সম্প্রতি অবসরোত্তর ছুটিতে যান।