সিরাজগঞ্জ: শাহজাদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গতকাল বেলা ১১টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের দিলরুবা বাসস্ট্যান্ড ও মশিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—পাবনার সাঁথিয়া উপজেলার হলুদঘর গ্রামের সবুজ প্রামাণিকের মেয়ে সারা খাতুন (৮) এবং শাহজাদপুরের গাড়াদহ ইউনিয়নের আলমগীরের ছেলে আহম্মদ (৭)। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, আলাদা সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া এক্সপ্রেস ওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগরে এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গজারিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক এবং লরির হেলপার নিহত হয়েছেন। নিহতরা হলেন—চুয়াডাঙ্গা জেলার বেলগাছি উপজেলার মুসলিমপাড়ার মোহাম্মদ টাবুর পুত্র ট্রাকচালক মোহাম্মদ হোসেন এবং সেনবাগ উপজেলার চাঁদপুর গ্রামের মানিক দাসের পুত্র হেলপার অন্তর দাস।
বগুড়া: বগুড়া শহরের বনানীর ঢাকা-বগুড়া মহাসড়কে পরিবার নিয়ে ঈদের ছুটিতে গ্রামে ফেরার পথে অজ্ঞাত যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন—আনিছুর রহমান এবং তার দুই বছরের কন্যা পুষ্প। আহত হয়েছেন আনিছুর রহমানের স্ত্রী আয়েশা বেগম। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নওগাঁ: পত্নীতলায় ডাম্প ট্রাকের চাপায় অটোরিকশা আরোহী চালকসহ দুজনের মৃত্যু হয়েছে। গতকাল নিহতরা হলেন— জেলার মহাদেবপুর উপজেলার সুজাইল গ্রামের বাসিন্দা হবিবুর রহমানের ছেলে অটোরিকশাচালক আবু হাসান (৪৬) এবং অন্যজন অটোরিকশার যাত্রী ধামইরহাট উপজেলার দুর্গাপুর গ্রামের বাসিন্দা অছি উদ্দিনের ছেলে তরিকুল ইসলাম (৪৫)। তিনি পেশায় মাক্রোবাস চালক। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, ‘দুর্ঘটনার পর অজ্ঞাতনামা ডাম্প ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
গাইবান্ধা: সুন্দরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আব্দুল আউয়াল (৫৫) নামে এক সাবেক যুগ্ম জজ নিহত হয়েছেন। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার রাত সাড়ে ১০টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের পেট্রল পাম্পসংলগ্ন শ্মশান এলাকায় ঘটে এ দুর্ঘটনা। নিহত আব্দুল আউয়াল উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মণিরাম গ্রামের সৈয়দ আলী ব্যাপারীর ছেলে। তিনি সর্বশেষ গাজীপুরে যুগ্ম দায়রা জজ হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে আইনজীবী হিসেবে কাজ করছিলেন গাইবান্ধা জজকোর্টে।
মানিকগঞ্জ: মোটরসাইকেল ও সিএনজির সংঘর্ষে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের অন্য এক আরোহী গুরুতর আহত হয়েছেন। সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
নোয়াখালী: পোলট্রি খাদ্যবোঝাই একটি গাড়ি উল্টে রহিম উল্লাহ (২২) নামে এক খামারির মৃত্যু হয়েছেন।
চাঁদপুর: সড়ক দুর্ঘটনায় গতকাল একজন নিহত হয়েছেন। সদর উপজেলার চান্দ্রা চৌরাস্তায় এ ঘঠনা ঘটে। নিহতের নাম মো. হেলাল উদ্দিন।










