রাজধানীর শাহাবাগে মরদেহ নিয়ে মিছিল শুরু করেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের এ মিছিলে সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়েছে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ৩ জনের মরদেহ কাঁধে নিয়ে শহীদ মিনারে অবস্থান নেন বিক্ষোভকারীরা। সেখান থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতর দিয়ে গণভবনের দিকে যাওয়ার চেষ্টা করছিলেন তারা।

এ সময় মিছিল শাহবাগ থানার সামনে আসলে বিক্ষুব্ধরা পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। জবাবে মিছিলের ওপর সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট ও টিয়ারশেল ছোঁড়ে পুলিশ। এতে মিছিলটি ছত্র ভঙ্গ হয়ে যায়। বিক্ষুব্ধরা মরদেহ কাঁধে নিয়ে কাঁটাবনের দিকে চলে যান।

মিছিলকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাজধানীর বিভিন্ন এলাকার সংঘর্ষ থেকে ঢামেক হাসপাতালে ৫টি লাশ আনা হয়। সেখান থেকে তিনটি লাশ নিয়ে মিছিল শুরু করে দেন আন্দোলনকারীরা।

সন্ধ্যা ৭টা পর্যন্ত আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ও শহীদ মিনার এলাকায় বিচ্ছিন্নভাবে অবস্থান করছিলেন।