দেশের অর্থনীতিকে সম্পূর্ণভাবে পুনর্বিন্যাস করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিগত সময়ে দেশে ‘পেট্রোনাইজড ইকোনমি’ তৈরি করা হয়েছিল, যা অর্থনীতির অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছে।

আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আয়োজিত ‘অর্থনীতির পুনর্বিন্যাস বিষয়ে টাস্কফোর্সের সুপারিশ’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন আমীর খসরু।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। প্রথম সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন টাস্কফোর্সের সদস্য সেলিম রায়হান ও ড. মোহাম্মদ এ রাজ্জাক।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুক্ত অর্থনীতির কথা বলা হলেও অনেক বাধা তৈরি করা হয়েছিল। আমরা রেগুলেশন কমিয়ে এনে সরকারের ভূমিকা কমিয়ে আনবো। অর্থনীতিকে উদার করা হবে। এতে ব্যবসা সহজ হবে ও ব্যবসায়ীদের হয়রানি কমবে। এটা নিয়ে আমরা দলের মধ্যেও আলোচনা করেছি। আমদানি নিয়ন্ত্রণ করে রফতানি বাড়বে না। এটা উন্মুক্ত করে দিতে হবে।