কক্সবাজার সদরের পিএমখালী চেরাংঘাটা বাজারে আলোচিত ও চাঞ্চল্যকর মোরশেদ আলী প্রকাশ বলী মোরশেদ হত্যা মামলার আরো চার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব। গতকাল সকালে কক্সবাজারে র‍্যাব-১৫-এর উপ-অধিনায়ক মনজুর মেহেদী ইসলাম নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

গত ১৫ এপ্রিল আরো পাঁচ আসামিকে গ্রেফতার করে র‍্যাব-৭, চট্টগ্রাম। পুলিশের হাতে ঘটনার পরের দিন গ্রেফতার হয় তিনজন। আলোচিত এ হত্যা মামলায় মোট ২৬ আসামির মধ্যে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাকৃতরা হলেন মাছুয়াখালী নছরত আলীপাড়ার মৃত শফি আলমের ছেলে মতিউল ইসলাম, সাইফুল ইসলাম, আজহারুল ইসলাম এবং বাংলাবাজার এলাকার মৃত ছৈয়দ আহমদের ছেলে জয়নাল আবেদীন হাজারী। গ্রেফতার চারজনই সরাসরি মোরশেদ হত্যায় জড়িত বলে র‍্যাব জানায়। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে সংবাদ সম্মেলনে জানান মনজুর মেহেদী ইসলাম।

তিনি আরো জানান, কক্সবাজার সদরের পিএমখালীতে পানিসেচ প্রকল্প দীর্ঘদিন ইজারা নিয়ে চালিয়ে আসছিল নিহত মোরশেদের পরিবার। এটি বাগিয়ে নিতে নানা অপকৌশল করছিলেন একই এলাকার মাহমুদুল হক, জয়নাল, কলিম উল্লাহসহ তাদের গোষ্ঠীর লোকজন। একপর্যায়ে জোর করে তারা দখলে নেন ওই সেচ প্রকল্প। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিবাদ তুঙ্গে পৌঁছে। অবশেষে পানিসেচ প্রকল্প বিবাদের বলি হলো মোরশেদ। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতিবাদী যুবক মোরশেদকে হত্যা ঘটনার বিবরণ দেন চার আসামি। গত ৭ এপ্রিল চেরাংঘাট বাজারে মোরশেদকে গুলি করে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।