বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গেছে। দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ ও নতুন বাংলাদেশ গড়তে বিএনপি কাজ করছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রংপুর মেডিকেল পূর্ব গেট এলাকার শিমুলবাগ কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা গত ১৬ বছরে দেশকে ধ্বংস করে দিয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা—সবকিছু ধ্বংসের মুখে। নির্বাচনব্যবস্থা ও গণতন্ত্রকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছেন।

তিনি বলেন, শেখ হাসিনার বিচার করতেই তাকে ফেরত আনতে চাই। এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে, যাতে বাংলাদেশে আর কখনো ফ্যাসিস্ট সরকারের পুনঃপ্রতিষ্ঠা না হয়। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশ থেকে ফ্যাসিবাদ চিরতরে মুছে ফেলার জন্য লড়াই করছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি গত ১৬ বছর ধরে আন্দোলনের প্রস্তুতি নিয়েছে বলে জানান দুদু। তিনি বলেন, তারেক রহমান জানিয়েছেন, আগামীর নির্বাচন সহজ হবে না। তাই সংগঠনকে সুশৃঙ্খল ও শক্তিশালী করতে হবে। নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে বিএনপিকে প্রস্তুত থাকতে হবে।

তিনি আরো বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।

সভায় সভাপতিত্ব করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বেবী নাজনীন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান রাজীব প্রধান, রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব আনিছুর রহমান লাকু প্রমুখ। এছাড়া রংপুর বিভাগ ও সব ইউনিটের আহ্বায়ক, সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়করা সভায় অংশ নেন।