কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা নেতা মুহিব্বুল্লাহ হত্যা মামলায় ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। গতকাল দুপুরে এ চার্জশিট জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) গাজী সালাউদ্দিন।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ২৯ জনকে অভিযুক্ত করে চার্জশিট আদালতের ডকেট শাখায় জমা দেয়া হয়েছে। এটি কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আক্তার জাবেদের আদালতে তোলা হবে। এরপর চার্জ গঠনের শুনানি হবে।

আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের (এআরএসপিএইচ) চেয়ারম্যান ছিলেন মুহিব্বুল্লাহ। রোহিঙ্গা প্রত্যাবাসনে নেয়া নানা উদ্যোগে তার ভূমিকা ছিল। গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ার লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকে এআরএসপিএইচর কার্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত হন তিনি।

এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর মুহিব্বুল্লাহর ছোট ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে অজ্ঞাতনামা সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্তের দায়িত্ব পান উখিয়া থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দিন। এরই মধ্যে ওই মামলায় গ্রেফতার ১৫ জনের মধ্যে চারজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

একই সঙ্গে তিনজন সাক্ষীও ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। মুহিব্বুল্লাহ হত্যায় ৩৬ জন জড়িত হিসেবে চিহ্নিত হলেও সাতজনের ঠিকানা ও অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি। ফলে তদন্ত শেষে ২৯ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।