রাজধানীর মিরপুরের একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধা মা নুরজাহান বেগমের মরদেহ উদ্ধারের ঘটনায় তার ছেলে এবং মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য যুগ্ম সচিব এ কে এম আনিসুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উনি-২ শাখার সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য যুগ্ম সচিব ড. এ.কে.এম আনিসুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো। বৃহস্পতিবার বিকালের মধ্যে তাকে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত হয়ে সংযুক্ত স্থলে যোগ দিতে হবে।

গত রোববার মিরপুরের একটি ফ্ল্যাট থেকে বৃদ্ধা নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করে পুলিশ। জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ প্রতিবেশীদের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ধারণা করা হচ্ছে, তিনি কয়েকদিন আগেই মারা গেছেন।

এ নিয়ে তীব্র সমালোচনার মুখে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী গণমাধ্যমকে বলেছিলেন, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে এবং প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। তাকে (আনিসুর রহমান) গতকাল রাতে ফোনে পাওয়া যায়নি। এখন তার সঙ্গে কথা বলে আগে নিশ্চিত হতে হবে যে বিষয়টি তার মাকে কেন্দ্র করেই কি না। আমরা সেটি দেখছি।

তিনি আরো বলেন, একটা আইন আছে, যেখানে বাবা-মায়ের ভরণ-পোষণ সংক্রান্ত বিধান রয়েছে। সেটি কার্যকর থাকলে আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। এছাড়া একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার নৈতিক দায়বদ্ধতার বিষয়টিও খতিয়ে দেখে তা অ্যাড্রেস করা হবে বলে তিনি জানান। এরই মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়া হয়েছে।