অবশেষে যাতায়াতে কষ্টের অবসান হতে যাচ্ছে যশোরের সতিঘাটা-ঢাকুরিয়া সড়কপথে চলাচলকারীদের। সড়কটি নতুন করে সংস্কারের জন্য দরপত্র আহ্বান প্রক্রিয়া শেষ করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ যশোর। শিগগিরই ঠিকাদারকে কার্যাদেশ প্রদান করা হবে। যশোর সদর উপজেলার সতিঘাটা থেকে মণিরামপুর উপজেলার ঢাকুরিয়া পর্যন্ত ১৪ দশমিক ৪ কিলোমিটার সড়কটি নির্মাণে ব্যয় হবে প্রায় ১৮ কোটি টাকা।

সওজ যশোরের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে সতিঘাটা-ঢাকুরিয়া সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ছিল। আমরা স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রীর সহযোগিতা নিয়ে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছি। এরই মধ্যে জেলা মহাসড়ক পিএসসির (সড়ক-মেজর) আওতায় ১৪ দশমিক ৪ কিলোমিটার সড়কটি নির্মাণে দরপত্র আহ্বান করা হয়েছে। বর্তমানে চলছে দরপত্র মূল্যায়ন কাজ। শিগগিরই ঠিকাদারকে কার্যাদেশ দেয়া হবে। সড়কটি নির্মাণে ব্যয় হবে ১৭ কোটি ৭৫ লাখ টাকা।

মণিরামপুর উপজেলার ঢাকুরিয়ার প্রদাপকাটি গ্রামের বাসিন্দা প্রবীর কুমার দাস বলেন, সতিঘাটা-ঢাকুরিয়া সড়কটি এক যুগের বেশি সময় ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে ছিল। সড়কটি দিয়ে কোনো রোগী গাড়িতে চলাচল করলে তিনি আরো অসুস্থ হয়ে পড়তেন।

যশোর পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সেলিম রেজা মিঠু বলেন, সতিঘাটা-ঢাকুরিয়া সড়কটি মরণফাঁদ ছিল। প্রতিনিয়ত গাড়ির যন্ত্রাংশ নষ্ট হতো। সড়কটি সংস্কার হলে দুর্ভোগ লাঘব হবে যানবাহন চালকদের।