লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনের উপনির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শেখ মো. ফায়িজ উল্যাহ শিপন মনোনয়নপত্র দাখিল করেছেন।

গতকাল দুপুরে রিটার্নিং অফিসার ও কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ দুলাল তালুকদারের কাছে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। অন্যদিকে জাতীয় পার্টির প্রার্থী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা তোফায়েল হোসেনের কাছে রায়পুর উপজেলা নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন। আজ এ আসনের মনোনয়নপত্র বাছাই, ২৪ মার্চ প্রত্যাহার, ২৫ মার্চ প্রতীক বরাদ্দ এবং ১১ এপ্রিল ইভিএমের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ২৮ জানুয়ারি মানব পাচার ও ঘুষ কেলেঙ্কারির মামলায় ওই আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে সাজা দেয় কুয়েতের একটি আদালত। এরপর ২২ ফেব্রুয়ারি পাপুলের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। গত ৩ মার্চ ওই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।