বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গত বুধবার (৭ আগস্ট) আফ্রিকায় এমপক্সের ব্যাপক বিস্তারের জন্য বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। সংস্থাটি ক্রমবর্ধমান পরিস্থিতির জন্য সর্বোচ্চ সম্ভাব্য বিপদের আশঙ্কা করছে।

ডব্লিউএইচও জানায়, আগে মাঙ্কিপক্স নামে পরিচিত এমপক্স একটি ভাইরাল রোগ। এটা মানুষ এবং সংক্রমিত প্রাণীর মধ্যে সহজে ছড়িয়ে পড়তে পারে। এটি ঘনিষ্ঠ সম্পর্কের মাধ্যমের পাশাপাশি চাদর, পোশাক এবং সূঁচের মতো দূষিত পদার্থের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে সংক্রমণ বৃদ্ধি এবং আশপাশের দেশগুলোতে ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন ডব্লিউএইচও প্রাদুর্ভাব পর্যালোচনার জন্য দ্রুত বিশেষজ্ঞদের একটি সভা ডেকেছে।

ডব্লিউএইচও প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসাস এক সংবাদ সম্মেলনে বলেছেন, জরুরি কমিটি বৈঠক করেছে এবং আমাকে পরামর্শ দিয়েছে যে তাদের দৃষ্টিতে জনস্বাস্থ্য পরিস্থিতি আন্তর্জাতিকভাবে উদ্বেগজনক। জনস্বাস্থ্য বিষয়ে এ উদ্বেগ ও একটি জনস্বাস্থ্য জরুরি পরামর্শ আমি গ্রহণ করেছি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধীনে পিএইচইআইসি (পাবলিক হেলথ ইমার্জেন্সি অব ইন্টারন্যাশনাল কনসার্ন) এ রোগের সম্ভাব্য বিস্তার রোধে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে একটি সমন্বিত আন্তর্জাতিক প্রতিক্রিয়ার প্রয়োজনীয়তা বিবেচনায় স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এটি পিএইচইআইসি আন্তর্জাতিক স্বাস্থ্য প্রবিধানের অধীনে সর্বোচ্চ স্তরের সতর্কতা, যা ১৯৬টি দেশের জন্য আইনত বাধ্যতামূলক।

টেড্রোস আধানম গেব্রেয়েসাস বলেছেন, পূর্ব ডিআরসিতে এমপক্সের একটি নতুন ক্লেডের শনাক্তকরণ এবং দ্রুত বিস্তার, প্রতিবেশী দেশগুলো যেখানে এর আগে সংক্রমণের রিপোর্ট পাওয়া যায়নি সে সব দেশে এমপক্স শনাক্ত হয়েছে এবং আফ্রিকা এবং তার বাইরে আরো ছড়িয়ে পড়ার আশঙ্কা খুবই উদ্বেগজনক।

তিনি বলেন, এটা স্পষ্ট যে এ প্রাদুর্ভাব বন্ধ করতে এবং জীবন বাঁচাতে একটি সমন্বিত আন্তর্জাতিক প্রতিক্রিয়া অপরিহার্য। এটি এমন কিছু যা আমাদের সবাইকে উদ্বিগ্ন করে।