ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত আছে। প্রশাসনের সঙ্গে বৈঠকে সমঝোতা না হওয়ায় ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকরা। তারা ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ করছেন। পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হওয়ায় আজ মঙ্গলবার বিকাল থেকে ফের কর্মবিরতি শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা। কলেজের শিক্ষার্থীরাও ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে আন্দোলনের কারণে ওসমানী হাসপাতালের রোগীরা স্বাভাবিক চিকিৎসা সেবা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ইন্টার্নরা ধর্মঘট ডাকলেও সেবা কার্যক্রম অব্যাহত আছে। আটক দুজনকে কলেজ কর্তৃপক্ষের দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
হাসপাতাল সূত্র জানায়, দুই শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে সোমবার রাত থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ওসমানী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। রাতেই কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। পরে আজ মঙ্গলবার ভোর রাতে দুপুর ২টা পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়ে ক্যাম্পাসে ফিরেন শিক্ষার্থীর। এরপর আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত প্রশাসনের সাথে বৈঠক হয়। বৈঠকে সমঝোতা না হওয়ায় পুনরায় ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বৈঠকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। বাকীদের আটকের চেষ্টা চলছে। তবে ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা হামলাকারী সকলকে গ্রেফতারের পূর্ব পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়ে বৈঠক থেকে চলে আসেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. মতির রহমান বলেন, হামলাকারী সকল আসামি গ্রেফতার এবং শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তায় দৃশ্যমান উদ্যোগ নেয়ার পূর্ব পর্যন্ত ধর্মঘট চলবে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুলর রহমান ভূঁইয়া বলেন, আমরা ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একমত। তাদের দাবি পূরণে আমরা এরইমধ্যে কার্যক্রম শুরু করেছি। তবে সব দাবি পূরণে কিছুটা সময় লাগবে। আমরা তাদের কাছে এ সময়টুকু চেয়েছি। এখনও আন্দোলনকারীদের বুঝানোর চেষ্টা চলছে বলে জানান তিনি।
প্রসঙ্গত, গতকাল সোমবার রাতে দুই শিক্ষার্থীর উপর হামলার ঘটনা ঘটে। এরপর সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।










