নিবন্ধন না থাকা, অভিজ্ঞ টেকনিশিয়ান ও মানসম্মত যন্ত্রপাতি ব্যবহার না করায় লক্ষ্মীপুরের তিন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল দুপুরে লক্ষ্মীপুর সদর হাসপাতালসংলগ্ন এলাকায় জেলা সিভিল সার্জন মো. আবদুল গাফ্ফারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা আদায় করেন সহকারী কমিশানর (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন।
জানা গেছে, নিবন্ধন না থাকা, অভিজ্ঞ টেকনিশিয়ান ও মানসম্মত যন্ত্রপাতি ব্যবহার না করার অপরাধে এ মিম ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা, মা ও শিশু হাসপাতাল (প্রা.) লিমিটেডকে
২০ হাজার ও নোভা ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার করে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা সিভিল সার্জন মো. আবদুল গাফ্ফার জানান, নির্দেশনা অমান্য করে লক্ষ্মীপুর একের পর এক ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল গড়ে উঠেছে। তাদের নেই নিবন্ধন, দক্ষ টেকনিশিয়ান ও যন্ত্রপাতি। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এতে তিনটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ ডায়াগনস্টিক ও হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।










