যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জনসংযোগ বিভাগের উপপরিচালক হায়াতুজ্জামান মুকুলকে দুর্নীতির অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ ঘোষণা দেয়া হয়, যা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, সোমবার যবিপ্রবির ডাটা অপারেটরের তিনটি পদের নিয়োগ পরীক্ষা চলাকালে সমির কুণ্ডু নামে এক পরীক্ষার্থী হলের মধ্যে মোবাইল ফোনে কথা বলছিলেন। এ সময় পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষক ড. মেহেদী হাসান সমির কুণ্ডুর ফোন জব্দ করেন।










