শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অসুস্থ এক কর্মচারীর পাশে দাঁড়িয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মো. সামিউল ইসলাম আকাশ।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইদ্রিস মৃধা (৫৫) দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছেন। বরিশালের উজিরপুর উপজেলার বাসিন্দা ইদ্রিস মৃধা ঈদকে সামনে রেখে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। এমন পরিস্থিতিতে তার খোঁজ-খবর নিতে বাসায় যান ছাত্রদল নেতা আকাশ।

এ সময় তিনি ইদ্রিস মৃধার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পরে বন্ধুদের সহযোগিতায় অসুস্থ ওই পরিবারের হাতে ঈদ উপহার ও আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় ছাত্রদল নেতা রনি খান, মোস্তাকিম আনান নিরব, জাহিদুল ইসলাম ও রাতুল হাসান ছিলেন।

মো. সামিউল ইসলাম আকাশ বলেন, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে আমরা সবসময় কাজ করে যাব।