কক্সবাজার সমুদ্র সৈকতে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের জন্য বিশেষ উদ্ধার প্রশিক্ষণ পরিচালনা করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ও বিমান বাহিনী। গত ১৮ মে শুরু হয়ে আজ বুধবার (২১ মে) বুধবার পর্যন্ত চারদিনব্যাপী এই প্রশিক্ষণে অংশ নেন কক্সবাজার জেলার ১৫ জন কর্মকর্তা ও অগ্নিনির্বাপক কর্মী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজার অঞ্চলের উপ-সহকারী পরিচালক মো. তানহারুল ইসলাম জানান, বন্যা, জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কবলিত এলাকার দুর্গতদের উদ্ধার, পানিতে ভেসে যাওয়া ব্যক্তিদের সুরক্ষা ও সমুদ্রতীরবর্তী দুর্যোগে দ্রুত সাড়াদানের কৌশল শেখানো হয়েছে এই প্রশিক্ষণে।

আজ সকালে কক্সবাজার সৈকতের প্যারাসেলিং পয়েন্টে এই প্রশিক্ষণ কার্যক্রমের সমাপ্তি ঘটে। সমাপনী দিনে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদপত্র তুলে দেন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকরা। প্রশিক্ষণটি আয়োজন করা হয় আমেরিকান দূতাবাসের সহযোগিতায়।
ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে জানানো হয়, প্রশিক্ষণে জলোচ্ছ্বাস, ফ্লাশ ফ্লাড বা বন্যায় ভেসে যাওয়া মানুষকে উদ্ধারের কৌশল শেখানো হয়। কক্সবাজার সমুদ্র সৈকতের ইনানি বিচসহ বিভিন্ন অংশে ও সুইমিং পুলে কোর্সের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
সদর দফতর থেকে আরো বলা হয়েছে, ২০২১ সাল থেকে ইউএস আর্মির পক্ষ হতে বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রায় ২৮০ জন সদস্যকে ‘মেডিক্যাল ফার্স্ট রেসপন্ডার কোর্স’; ‘হাই অ্যাঙ্গেল রেসকিউ কোর্স’সহ বিভিন্ন কোর্স করানো হয়েছে।









