গাজীপুরের শ্রীপুরে নিখোঁজের দুইদিন পর গভীর গজারি বন থেকে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে গভীর গজারি বনে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় নিখোঁজের পরিবারকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করে।
অটোচালক ফালান (২৬) ময়মনসিংহ জেলার পাগলা থানার লংগাইর ইউনিয়নের চারবাড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। ফালান শ্রীপুরের চন্নাপাড়া গ্রামের মক্কামদিনা এলাকায় বাদল মিয়ার ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।
চাচাতো ভাই মোজাম্মেল হোসেন জানান, প্রতিদিনের মতো গত রোববার সকালে অটোরিকশা নিয়ে ভাড়া বাড়ি থেকে বের হয় ফালান। দিনশেষে ফালান বাড়িতে না ফেরায় সোমবার সন্ধ্যায় সাধারণ ডায়েরি করেন ফালানের স্ত্রী রিনা আক্তার। মঙ্গলবার দুপুরে শ্রীপুর থানা পুলিশ মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের গভীর গজারি বনে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ফালানের স্বজনদের খবর দেয়। পরে ফালানের স্বজনরা ঘটনাস্থলে যাওয়ার পর তার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহিদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাজহারুল ইসলাম বলেন, গভীর গজারি বনে মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের ডান চোয়ালে গভীর ক্ষত আছে, বাম চোয়ালেও ফুলা জখম আছে। গলা ও পিঠেও আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, ফালানকে হত্যার পর তার অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।










