হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরো সাত শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে, আর এক শিশুর হামে আক্রান্ত হয়ে মারা গেছে।
এ নিয়ে গত ৫৪ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ৩৪৩ জনে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৮৫টি শিশুর মৃত্যু হয়েছে, আর ৫৮ জন শিশু হামে মারা গিয়েছে।
আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে ৭ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৩ শিশু সিলেট বিভাগের। এ ছাড়া ঢাকায় ২ জন, খুলনা বিভাগে ১ জন এবং বরিশাল বিভাগে ১জন শিশুর মৃত্যু হয়েছে।
২৪ ঘণ্টায় দেশের আট বিভাগে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ হাজার ২১২, হাসপাতালে ভর্তি হয়েছে ৯৫০টি শিশু। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ২৮২ জন শিশুর। এর মধ্যে সর্বোচ্চ ২০৪ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে, এরপর আছে চট্টগ্রাম (৪৬)। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯১৪ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।










