সপ্তাহের প্রথম কর্মদিবসে দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ তিনে অবস্থান করছে রাজধানী ঢাকা। রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৮টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ২২৪। বায়ুর এ মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়।
সুইজারল্যান্ডভিত্তিক বাতাসের মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক অনুযায়ী, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ২৭.৮ গুণ বেশি রয়েছে। এ সময় ঢাকার মার্কিন দূতাবাস (৫৮৫), ইস্টার্ন হাউজিং (৩৯৮), সাভারের হেমায়েতপুর (৩৯০), মহাখালীর আইসিডিডিআরবি (৩২৪) এই চার এলাকায় বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। এছাড়া গুলশান লেক পার্ক (২৫৮), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২১৮), মাদানি এভিনিউ (২১০), কল্যাণপুর (২০৬) এলাকায় বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
বিশ্বের শহরগুলোর তালিকায় আজ শীর্ষস্থানে রয়েছে ভারতের রাজধানীর দিল্লি। ৩৩৬ একিউআই স্কোর নিয়ে শহরটির বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ২৬০ স্কোর নিয়ে শহরটিতে খুবই অস্বাস্থ্যকর বাতাস বিরাজ করছে। ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে তালিকায় চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা মিসরের কায়রো (১৮৪) ও মঙ্গোলিয়ার উলানবাটর (১৮৪)।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।










