মানিকগঞ্জের সিংগাইরে কোয়ারেন্টিনে থাকা তাবলিগ জামাতের ১১ জনের নমুনা পরীক্ষায় তিনজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। ওই তিনজনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে নেয়া হচ্ছে।
সিভিল সার্জন জানান, গত ২৪ মার্চ ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিংগাইরের বাইতুল মামুর ও মারকাযুল মা আরিফ ওয়াদ-দা ওয়াহ মাদরাসায় তাবলীগ জামাতে এসেছিলেন ১২ সদস্যর একটি দল। এদের মধ্যে গত শনিবার ৬০ বছরের এক বৃদ্ধের শরীরে করোনার উপসর্গ দেখা দিলে তাকে ঢাকায় আইইডিসিআরে পরীক্ষার করালে তার শরীরে করোনা ভাইরাস ধরা পরে।
পরবর্তীতে রবিবার ওই মাদ্রাসাসহ পুরো সিংগাইর পৌরসভা লক ডাউন করে দেয় প্রশাসন। সেই সাথে তাবলীগ জামাতের ১১ সদস্যকে ওই মাদ্রাসায় হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। একই সাথে জামায়াতে যোগ দেওয়া স্থানীয় ছয়জনকে এবং তাদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইরে রাখা হয়।
পরে তাদের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এ পাঠানো হলে সেখানে তিনজনের নমুনায় কভিড-১৯ ধরা পড়ে।
সিভিল সার্জন আরো জানান, শনাক্ত হওয়া তিন ব্যক্তি ফরিদপুর জেলার। তাদের সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে ভর্তির প্রক্রিয়া চলছে।










