ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ অভিযান পরিচালনা করা হয় বলে দুদক জানিয়েছে।

অভিযানে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল স্থাপন ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ নির্মাণ প্রকল্পে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। ওই কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ বর্তমানে আনসারদের বেডরুম হিসেবে ব্যবহৃত হচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত।

এ ছাড়াও সাপ্লাই অব জেনসুলিন অ্যাপ থার্মোপ্লাস্টিক পেইন্ট প্রকল্প, সাপ্লাই অব পোর্টেবল এয়ার কমপ্রেশার-২ নস এবং সাপ্লাই অব ব্র্যান্ড নিউ বিটুমিন প্রেসুর ডিস্ট্রিবিউটর প্রকল্পের শর্ত পূরণ না করেই বিল উত্তোলন করা হয়েছে বলে প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

শ্যামপুর, দনিয়া, মাতুয়াইল এবং সারুলিয়ার সড়ক অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং ইমপ্রুভমেন্ট অব ইনার সার্কুলার রিং রোড ফ্রম রায়েরবাজার সুইচ গেট টু লোহার ব্রিজ শীর্ষক প্রকল্পে ব্যাপক অনিয়মের অভিযোগের বিষয়ে প্রকল্পগুলোর রেকর্ডপত্র সংগ্রহ করে এনফোর্সমেন্ট টিম। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।