মাদারীপুরের ডাসারে শাওন তালুকদার (১৮) নামে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডাসার ইউনিয়নের পূর্ব কমলাপুর গ্রামে বাড়ির পাশে একটি হিজল গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শাওন উপজেলার ছালাম তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ,শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময় সবার আগোচরে বাড়ির পাশে হিজল গাছের সঙ্গে রশি বেঁধে ঝুলে আত্মহত্যা করে সে। পরদিন সকালে খোঁজ না পেয়ে বাবা-মা তাকে খুঁজতে গেলে বাড়ির পাশের একটি বাগানে তার ঝুলন্ত মরদেহ দেখে পুলিশকে খবর দেন। ওই কিশোর রাজমিস্ত্রীর কাজ করতেন। শাওন মানসিক সমস্যায় ভুগছিল বলে জানায় স্বজনরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।