গলায় কেবল পেঁচিয়ে ট্রেনের ছাদে থাকা এক যাত্রী মারা যাওয়ার পর রেললাইনের ওপর দিয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ ইন্টারনেট ও ডিশের তার কেটে অপসারণ করা হয়েছে। গতকাল বিকালে শহরের কলেজপাড়ার লেভেল ক্রসিং এলাকা থেকে এসব তার কেটে বিচ্ছিন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন এ অভিযান চালান। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন শহরের কলেজপাড়ার লেভেল ক্রসিং এলাকা অতিক্রম করছিল। সে সময় ট্রেনের ছাদে থাকা দুই যাত্রী রেললাইনের ওপর দিয়ে যাওয়া ইন্টারনেট ও ডিসের তারের সঙ্গে প্যাঁচ লেগে চলন্ত ট্রেন থেকে পড়ে যান। ঘটনাস্থলেই এক যাত্রী মারা যান ও অন্য যাত্রী আহত হন।