চট্টগ্রাম বন্দরে সেবার মাশুল বাড়ানোর প্রতিবাদে সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের ডাকা সপ্তাহব্যাপী কর্মবিরতি কর্মসূচি স্থগিত করা হয়েছে। শ্রমিক–কর্মচারীদের সেবার মাশুল প্রত্যাহারের আশ্বাস পাওয়ার পর সোমবার ( ২০ অক্টোবর) সংগঠনটি এ কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়।

গত শনিবার পোর্ট ইউজার্স ফোরামের আহ্বায়ক আমীর হুমায়ূন মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এক প্রতিবাদ সভা থেকে সপ্তাহব্যাপী প্রতিদিন চার ঘণ্টা করে প্রতীকী কর্মবিরতির কর্মসূচি ঘোষণা করা হয়। এর অংশ হিসেবে রোববার প্রথম দিন কর্মসূচি পালনও করা হয়।

চট্টগ্রাম সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম সাইফুল আলম বণিক বার্তাকে বলেন, 'শ্রমিক কর্মচারীদের সেবা নেয়ার খাতগুলোতে বর্ধিত মাশুল প্রত্যাহার করে নেওয়া হবে বলে বন্দর কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছে। এ কারণেই আমরা কর্মসূচি স্থগিত করেছি।'

ব্যবসায়ীদের আপত্তি উপেক্ষা করে গত ১৪ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দরের নতুন মাশুলের গেজেট প্রকাশ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ১৫ অক্টোবর থেকে নতুন মাশুল কার্যকর হয়েছে, যার ফলে আগের তুলনায় গড়ে প্রায় ৪১ শতাংশ মাশুল বেড়েছে। এই বৃদ্ধিকে কেন্দ্র করে ব্যবসায়ীরা শুরু থেকেই অসন্তোষ প্রকাশ করে আসছিলেন।