ব্রাহ্মণবাড়িয়ার সিলেট-কুমিল্লা মহাসড়কের পাশ থেকে শান্ত চৌধুরী (৩৩) নামের এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রামরাইল ইউনিয়নের রামরাইল বাজারের সামনের পশ্চিম পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাতেই পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত শান্ত চৌধুরী সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ গ্রামের মধ্যপাড়ার আব্দুর রউফ চৌধুরীর ছেলে।
ঘটনাস্থল সূত্রে জানা যায়, কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিম পাশে রক্তাক্ত অবস্থায় এক যুবককে দেখে ওইখান থেকে আতিক নামের এক যুবক ৯৯৯ এ ফোন দিয়ে পুলিশকে জানান। পরে স্থানীরা ও পুলিশ গিয়ে মরদেহ শনাক্ত করেন। হাইওয়ে পুলিশ শান্তর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে আসেন।
নিহতের চাচাতো বোন মাহমুদা জানান, আজকে সন্ধ্যার দিকে শান্ত হাতে লাইট নিয়ে বাসা থেকে বের হয়। তারপর থেকে আর খোঁজ পাওয়া যায়নি শান্তকে। এখন জানতে পারি শান্ত সড়ক দুর্ঘটনায় মারা গেছে।
তবে আতিক তিয়াস নামে স্থানীয় এক যুবক বলেন, এ স্থানে প্রায়ই ছিনতাই হয়। তার ধারণা রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ছিনতাইকারী অথবা কারো কবলে পড়ে এ যুবক খুন হন। এটা সড়ক দুর্ঘটনা হতে পারে, আবার হত্যাও হতে পারে।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গাজী মুহাম্মদ শাখাওয়াত হোসেন জানান, শান্ত সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনোও পরিবার থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা নেওয়া হবে।










