দিনাজপুরের ঘোড়াঘাটে ২২ হাজার পিস নেশা জাতীয় টাপেন্ডাডল ট্যাবলেটসহ আবু হায়াত (৩৭) ও আঁখিনূর মিয়া (৩৬) নামের দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। ট্যাবলেটগুলোর বাজার মূল্য ৪৪ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ ।

বুধবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে ঘোড়াঘাট থানাধীন ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের কামদিয়া রোডের জনৈক রনির করাত কলের সামনে পাকা রাস্তার ওপর থেকে ট্যাবলেটসহ দুই জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার আইভাঙ্গী গ্রামের আব্দুল মান্নানের ছেলে আবু হায়াত (৩৭) ও দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার মিতালি গুচ্ছগ্রামের সেকেন্দার আলীর ছেলে আঁখিনূর মিয়া (৩৬)।

ঘোড়াঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, ঘোড়াঘাট এলাকায় মাদক নির্মূলে পুলিশের মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে। তারই অংশ হিসেবে গতকাল খবর আসে ঘোড়াঘাট উপজেলার কামদিয়া এলাকায় মাদকের বড় একটি চালান প্রবেশ করেছে। রাতের কোনো এক সময়ে তা এলাকার বাইরে চলে যেতে পারে এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি টিম সাদা পোশাকে ঐ এলাকায় অবস্থান নেয়। মধ্যরাতে মাদক কারবারি একটি দল ঘোড়াঘাট থানাধীন ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের কামদিয়া রোডস্থ জনৈক রনির করাত কলের সামনে পাকা রাস্তার ওপরে উঠলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে ২২ হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ ২ জনকে হাতেনাতে আটক করে। এ সময় তাদের কাছে থাকা একটি পোটলা থেকে উদ্ধার করা হয় ২২ হাজার পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট, যার বাজার মূল্য ৪৪ লাখ টাকা।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ মোতাবেক মামলা রুজু করা হয়েছে। আজ বুধবার দুপুরে আমাসিদের দিনাজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে ঘোড়াঘাট থানা পুলিশের এমন বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন ওসি নাজমুল হক।