গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার হীরকপাড়া এলাকা থেকে বুধবার (১২ ফেব্রুয়ারি) রাতে বশির শিকদার (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

বশির শিকদার খুলনা সদরের সোনাপাড়া এলাকার তমিজ উদ্দিন শিকদারের ছেলে।

গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. তাহসিন জানান, বুধবার রাত ১১টার দিকে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের নির্মাণাধীন ফ্লাইওভারের সংরক্ষিত এলাকার পাশে হীরকপাড়ায় স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

তিনি আরো জানান, মৃত্যুর কারণ উদঘাটনসহ সার্বিক বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।