নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে মারধর, হত্যার হুমকি ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে গ্রেফতারকৃত স্বেচ্ছাসেবক লীগ নেতা ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভাগ্নে মীর নাফিউল ইসলাম অন্তরকে জেলহাজতে পাঠিয়েছেন আদালত।

গতকাল দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়াল জামিন শুনানিতে বিচারক তানজিম আলম তাবাসসুম জামিন নামঞ্জুর করে অন্তরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সকাল ১০টায় নিজ কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। এ সময় তিনি বলেন, অন্তরকে শহরের চৌধুরী বড়গাছা এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করে। অন্তর নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের ভাগ্নে হলেও তিনি তাকে গ্রেফতারে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করেছেন। এজন্য জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয়।

পরে অন্তরকে আদালতে উপস্থাপন করে পুলিশ। সেখানে তার পক্ষে কোনো আইনজীবী জামিন না চাওয়ায় আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।