‘ট্রাফিক পুলিশের হয়রানি’ বন্ধসহ পাঁচ দফা দাবিতে সিলেটে আগামীকাল ভোর থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন পরিবহন শ্রমিক নেতারা। গতকাল দুপুরে সিলেটের ছয়টি রেজিস্টার্ড শ্রমিক সংগঠনের সমন্বয়ে গঠিত সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্মসাধারণ সম্পাদক আলী আকবর রাজন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের সভাপতি ও সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বলেন, সব শ্রমিক ইউনিয়ন সম্মিলিতভাবে আন্দোলনের ডাক দিয়েছে। তিনি জানান, আগামীকাল ভোরের মধ্যে দাবি আদায় না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হবে।