দেশের কারাগারগুলোকে ধীরে ধীরে উৎপাদনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে দেশের প্রতিটি কারাগারের ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে উৎপাদিত বিদ্যুতে নিজেদের চাহিদা মেটানো হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। প্রয়োজনের অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে।

শুক্রবার (৮ মে) কারা অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

কারা অধিদপ্তর জানায়, গত ৫ মে প্রিজন ডিরেক্টরেটের সঙ্গে ইনজেন টেকনোলজি লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সোলার প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হবে। একই সঙ্গে কারাগারগুলোর নিজস্ব বিদ্যুৎ চাহিদাও পূরণ করা হবে।

কারা অধিদপ্তর আরো জানায়, প্রয়োজনের অতিরিক্ত উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এর ফলে কারাগার তথা সরকারের বিদ্যুৎ খাতে আর্থিক সাশ্রয় হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

জানা গেছে, প্রকল্পটিতে কারাগার বা সরকারের কোনো বিনিয়োগ নেই। এটি পুরোপুরি বেসরকারি বিনিয়োগের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

কারা সংশ্লিষ্টরা বলেছেন, এ ধরনের বহুমুখী কার্যক্রমের মাধ্যমে দেশের কারাগারগুলোকে আরো উৎপাদনমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের উদ্যোগ চলমান থাকবে।