নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্ত্রী আঁখি আক্তারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত স্বামী সাইদুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে র‍্যাব-১১। শনিবার রাতে কক্সবাজার সদর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে ব্যাটালিয়ন সদর দপ্তর কার্যালয়ে র‍্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলে র‍্যাব-১১-এর মিডিয়া অফিসার এএসপি রিজওয়ান সাঈদ জিকু। গ্রেফতারকৃত সাইদুর রহমান নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চেংগারকান্দি গ্রামের সুদা মিয়ার ছেলে।

প্রেস ব্রিফিংয়ে র‍্যাব অধিনায়ক জানান, প্রাথমিক তদন্তের জানা যায় প্রায় ১৫ বছর আগে ভিকটিম আঁখির সঙ্গে সাইদুর রহমানের বিয়ে হয়। বর্তমানে তাদের দুই ছেলে ও চার মাসের একটি কন্যাসন্তান রয়েছে। অভিযুক্ত ঘাতক স্বামী সাইদুর মাদকাসক্ত ছিলেন। বিয়ের পর থেকে পরকীয়া সন্দেহে প্রায়ই ভিকটিমের সঙ্গে পারিবারিক কলহে লিপ্ত হতেন। পারিবারিক কলহের একপর্যায়ে গত ২ ফেব্রুয়ারি ভিকটিমকে শেকল দিয়ে হাত-পা বেঁধে দুই ছেলের সামনে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। মারধরের সময় ভিকটিমের দুই ছেলে সিয়াম ও অর্ণবের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে স্বামী সাইদুর দৌড়ে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় আঁখিকে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ভিকটিমের বাবা ইব্রাহীম বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা করেন। গ্রেফতারকৃত আসামিকে সোনারগাঁ থানায় হস্তান্তর করা হবে।