ঈদে রাজধানী ফাঁকা হয়ে যাওয়ায় সড়কগুলোতে বেড়েছে বেপরোয়া যান চলাচল। বিশেষ করে মোটরসাইকেল ও অটোরিকশার বেপরোয়া গতির কারণে দুর্ঘটনাও বেড়েছে।
বেপরোয়া চলাচল করতে গিয়ে বুধবার (২৭ মে) রাত ১২টা থেকে আজ বৃহস্পতিবার (২৮ মে) বিকাল পর্যন্ত বিভিন্নভাবে আহত হয়ে ১৬৮ জন পঙ্গু হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় ৮৯ জনকে ভর্তি করা হয়েছে। মারাও গেছেন একজন। বৃহস্পতিবার (২৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) ঘুরে আহত হয়ে চিকিৎসা নিতে আসা রোগীদের এমন ভিড় দেখা গেছে।
হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ১৫ ঘণ্টায় কোরবানিজনিত কারণ ও মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসা নেয়া ১৬৮ জনের মধ্যে কিছুটা গুরুতর আঘাতপ্রাপ্ত ৮৯ জনকে হাসপাতাল কর্তৃপক্ষ ভর্তি করেছে।
পঙ্গু হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. নির্মল কান্তি বিশ্বাস জানান, আহতদের বেশিরভাগই মোটরসাইকেল আরোহী। এছাড়া অটোরিকশার চালক ও যাত্রীরাও আহত হয়েছেন। গুরুতর আহত একজনকে হাসপাতালে আনার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিটোর-এর অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার জীবনানন্দ হালদার জানান, গতকাল রাত ১২টা থেকে আজ দুপুর ৩টা পর্যন্ত হাসপাতালে মোট ১৬৮ জন রোগী এসেছেন।










