২৭তম বিসিএস-এর নিয়োগ বঞ্চিত ১ হাজার ১৩৭ জনকে নিয়োগ দেয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে দীর্ঘ ১৭ বছর পর নিয়োগ পাচ্ছেন তারা।
আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।
আইনজীবী শিশির মনির বলেন, ১৭ বছর পর এত মানুষ চাকরি ফেরত পেতে পাওয়ার ঘটনা বাংলাদেশে ঘটেনি। ঠুনকো কারণে তাদের চাকরি থেকে বাদ দেয়া হয়েছিল। আজকের এ রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থায় নজির সৃষ্টি হলো।
২৭তম বিসিএসের প্রথম মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দ্বিতীয় মৌখিক পরীক্ষায় বাদ পড়া নিয়োগবঞ্চিত ১ হাজার ১৩৭ জনের পক্ষে তিনটি আপিল করা হয়।
এই আপিলের ওপর গতকাল বুধবার শুনানি শেষে আপিল বিভাগ আজ রায়ের দিন ধার্য করেন। আজ সকাল ১০টার দিকে রায়ের সিদ্ধান্ত অংশ ঘোষণা করেন আদালত।










