যশোরের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ৪০টি হারানো সেলফোন, মোবাইল অ্যাপস নগদ ও বিকাশ থেকে খোয়া যাওয়া দেড় লাখ টাকা এবং হ্যাকিং হওয়া ছয়টি ফেসবুক আইডি উদ্ধার করেছে। এছাড়া নিখোঁজ হওয়া ছয় ব্যক্তিকে উদ্ধার করেছে। গতকাল প্রকৃত মালিকের কাছে উদ্ধার হওয়া ওই টাকা ও মোবাইল ফেরত দেয়া হয়েছে। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের দায়িত্বরত কর্মকর্তা যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) মুকিত সরকার এগুলো হস্তান্তর করেন।

গত বছর থেকে সেলটি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের বিভ্রান্তিমূলক পোস্ট, মন্তব্য, ছবি আপলোড, গুজব, বিকাশ প্রতারণাসহ সাইবার স্পেসে নারী হয়রানি রোধে কাজ শুরু করে। সাইবার স্পেসে নারী প্রতারণা বা হয়রানির শিকার হলে এক্ষেত্রে তার নাম এমনকি অভিযোগকারীর নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রেখে তদন্ত চলতে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম হ্যাকিং আইডি উদ্ধার করে ভিকটিমকে সহায়তা প্রদানও শুরু হয়। এরই ধারাবাহিকতায় গত মাসে যশোর সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল যশোর ৪০টি হারানো মোবাইল, বিকাশ ও নগদে খোয়া যাওয়া ১ লাখ ৩৫ হাজার ৫৬০ টাকা উদ্ধার, ছয়জন নিখোঁজ ভিকটিম উদ্ধারসহ হ্যাকিং হওয়া ছয়টি ফেসবুক আইডি পুনরুদ্ধার করে। জেলার বিভিন্ন থানায় নিখোঁজ জিডিমূলে ভিকটিম উদ্ধার করে সংশ্লিষ্ট থানা পুলিশের মাধ্যমে পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।