সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটক বন্ধ করে সড়কে বিক্ষোভ করছে আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুর ১টার দিকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের গেইট ছাড়া বাকি সব গেইটে তালা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।দুপুর দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জন করে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করছেন ওসমানী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।কর্মবিরতি পালন করছে ইন্টার্ন চিকিৎসকরা।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. সাফওয়ান জানিয়েছেন, হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। গতকাল মঙ্গলবার প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে বিকেল ৫টায় পুনরায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।এরপর থেকে ক্লাস পরীক্ষা বর্জন করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তবে ইন্টার্নরা ধর্মঘট ডাকলেও সেবা কার্যক্রম অব্যাহত আছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, দুই শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে সোমবার রাত থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন ওসমানী মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। রাতেই কর্মবিরতির ডাক দিয়ে আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূইয়া বলেন, ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীদের সব দাবির সঙ্গে একমত। তাদের দাবি পূরণে এরইমধ্যে কার্যক্রম শুরু করা হয়েছে। তবে সব দাবি পূরণে কিছুটা সময় লাগবে।আন্দোলনকারীদের বুঝানোর চেষ্টা চলছে।তবে হাসপাতালে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি।










