সিরাজগঞ্জে মাতৃত্বকালীন ভাতা পাইয়ে দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে সীমা খাতুন নামে এক নারী ইউপি সদস্যকে আটক করে গতকাল সকালে জেলহাজতে পাঠানো হয়েছে। রোববার বিকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার পারভেজের কার্যালয়ে অভিযোগের তদন্ত করা হয়। তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সীমা খাতুনকে পুলিশে সোপর্দ করে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেন ইউএনও। এরপর আদালতের মাধ্যমে তাকে জেলাহাজতে পাঠানো হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পোড়াবাড়ী উত্তর গ্রামের নুর ইসলামের মেয়ে নুরুন্নাহার খাতুনকে মাতৃত্বকালীন ভাতার টাকা পাইয়ে দেয়ার নামে ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের নারী ইউপি সদস্য সীমা খাতুন কৌশলে দুই দফায় মোট ১৪ হাজার টাকা হাতিয়ে নেন। এ বিষয়ে নুরুন্নাহার খাতুন ইউএনও বরাবর অভিযোগ করেন। রোববার নিজ কার্যালয়ে উভয়পক্ষের উপস্থিতিতে ঘটনাটি তদন্ত করেন ইউএনও। তদন্তে অভিযোগের সত্যতা পান তিনি।

এদিকে প্রতারণার অভিযোগে নুরুন্নাহার খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। গতকাল সকালে অভিযুক্ত নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।