গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস চাপায় রায়হান মিয়া গাটু (৩৫) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

সোমবার (৮ এপ্রিল) গোবিন্দগঞ্জ মহাসড়কের হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রায়হান মিয়া গাটু গোবিন্দগঞ্জ উপজেলার কুড়িপাইকা গ্রামের আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, সোমবার (৮ এপ্রিল) সকাল ১১টার দিকে হাইওয়ে থানার কাছে কালিতলা নামক স্থানে একটি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এ সময় রংপুরগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাস পেছন দিক থেকে এসে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে গিয়ে চালক রায়হান মিয়া গাটু ঘটনাস্থলেই নিহত হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব রহমান বলেন, খবর পেয়ে রেকার দিয়ে উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। এ ঘটনায় চালক পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে।