নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ধনকুন্ডার ফ্ল্যাট বাসায় জমাট বাঁধা গ্যাসের বিস্ফোরণে দগ্ধ স্ত্রীর পর স্বামী মো. জসিমের (৪৫) মৃত্যু হয়েছে। গতকাল দুপুরে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এখনো চিকিৎসাধীন রয়েছেন তাদের মেয়ে জয়া আক্তার। এর আগে গত সোমবার রাতে একই হাসপাতালে জসিমের স্ত্রী আফরোজা আক্তারের মৃত্যু হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল দুপুরে রাজধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ জসিম মারা যান। নিহত জসিমের মরদেহ বিনা ময়নাতদন্তে দাফনের উদ্দেশ্যে তার স্বজনরা নিয়ে গিয়েছেন। একই ঘটনায় তাদের মেয়ে জয়া আক্তার চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, ৫ ডিসেম্বর ভোর সাড়ে পাঁচটায় গোদনাইলের ধনকুন্ডার ফ্ল্যাট বাসায় জমাট বাঁধা গ্যাসের বিস্ফোরণে মো. জসিম (৪৫), তার স্ত্রী আফরোজা আক্তার (৩৮), মেয়ে জয়া আক্তার (১৩) ও ছেলে জুনায়েদ (৭) দগ্ধ হন। তাদের উদ্ধার করে রাজাধানী ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলে সোমবার রাতে স্ত্রী আফরোজা আক্তার ও গতকাল দুপুরে স্বামী জসিমের মৃত্যু হয়। দগ্ধ শিশু জুনায়েদকে প্রাথমিক চিকিৎসা শেষে আগেই বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে।