সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, সারা জেলাজুড়ে পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। জেলার সদর, জগন্নাথপুর, মধ্যনগর, শান্তিগঞ্জ, তাহিরপুর, ছাতক থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, শান্তিগঞ্জ উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বগলাকাড়া গ্রামের বাসিন্দা মো. শাহান উদ্দিন (৩৩), সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং মঙ্গলকাটা গ্রামের বাসিন্দা মো. রমজান আলী (৬০), মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউপির ৪নং ওয়ার্ড কমিটির শ্রমিক লীগের সভাপতি ও রৌহা গ্রামের বাসিন্দা মো. খোকন মিয়া (৪০), জগন্নাথপুর পৌরসভার ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের দফতর সম্পাদক ও কেশবপুর গ্রামের বাসিন্দা মো. কামরুল হাসান তেরা মিয়া (৪০), তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহ-সভাপতি ও সোলেমানপুর গ্রামের বাসিন্দা মো. আকরামিন হোসেন (২১), ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও নোয়াগাঁও গ্রামের বাসিন্দা জানে আলম (২৮), সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের সাবেক যুবলীগের আহ্বায়ক ও ঘাসিগাঁও গ্রামের বাসিন্দা আবুল কালাম আজাদ (৪০)।

জাকির হোসাইন জানান, সারাদেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানের মাধ্যমে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে বিশেষ অভিযান চলমান রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলা সদর, জগন্নাথপুর, মধ্যনগর, শান্তিগঞ্জ, তাহিরপুর, ছাতক থানা এলাকার সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি নেয়া করা হচ্ছে।